
মোঃ আরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে হাটিকুমরুল গোলচত্বরসংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায় হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার না করায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা।
দৈনিক মানবজমিন’-এর প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় এবং হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সলঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম মিয়া, সহসাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাক আব্দুর রশিদ খান, ‘দৈনিক এদিন’-এর উল্লাপাড়া প্রতিনিধি কাইয়ুম মাহমুদ এবং ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলাম।
কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ‘দৈনিক যুগের কথা’র স্টাফ রিপোর্টার শাহিন রেজা, ‘দৈনিক মানবকণ্ঠ’-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, ‘দেশ টেলিভিশন’-এর উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, ‘গ্রীন টেলিভিশন’-এর উল্লাপাড়া প্রতিনিধি আরিফুল ইসলাম, ‘দৈনিক নয়াদিগন্ত’-এর রায়গঞ্জ প্রতিনিধি হোসেন রানা, ‘দৈনিক জনকণ্ঠ’-এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, দুর্নীতি অনুসন্ধানের সম্পাদক ও প্রকাশক আল-আমিন, হাটিকুমরুল প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে সিরাজগঞ্জের পুরো সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।









