
মোঃ আরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল তৈরির কারখানা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ চায়না দোয়ারি জাল, জাল তৈরির মেশিন ও বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মিলন কুমারের বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্যামপুর গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে চায়না দোয়ারি জাল তৈরি করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জাল তৈরির মেশিন, কাঁচামাল ও তৈরি করা চায়না দোয়ারি জাল জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মিলন কুমারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা জাল ও অন্যান্য সরঞ্জাম উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে জব্দ করা চায়না দোয়ারি জাল কেটে পুরিয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, অবৈধভাবে চায়না দোয়ারি জাল উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।









