
মোঃ আমিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার দিনাজপুর
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরে জেলা পুলিশের সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ধাপের চতুর্থ ব্যাচের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবুল কাশেম মো. বাকীবিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এ.এস. মুক্তারুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম।
এ ছাড়া দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।








